সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
কবিতা
৪৭.
বকের ঠোঁট থেকে মাছ পড়ে গেলে
আমি দৌড়ে যাই-------
সারাদিনের আহার ফিরিয়ে দিতে পারলে
বকের শান্তি
আমার ভূমিকায় আমারও স্বস্তি
বকের পক্ষ নিতে পেরেছি। কালকেও
বকের দিকে থাকবো। যদি বকের ধ্যান
আমারও ধ্যান হয়।
৪৮.
বাঁশির ছিদ্রে ধুলোবালি ঢুকলেও
বাঁশি বলবে তার বিরহ।
বিরহ, অনেক দূরের দুঃখ। নিকটে এসে
কান্না ঝরায়
কান্না উথলে পড়া আলো।
আলো দুহাতে জড়ো করি, যদি পাই
চালের কণা।
-----১০ বৈশাখ ১৪২৮
-----২৪-----৪----২০২১
৪৯.
জোনাকিরা মালা গাঁথে
জোনাকিরা উড়ে উড়ে আলোর মালা গাঁথে
মালাও কী উড়বে?
কে পরবে মালা?
আঁধারের গলায় মালা উঠলে,
তুমি পারবেনা খোঁপায় জড়াতে।
গাছের গলায় মালা উঠলে,
তুমি পারবেনা হাতে জড়াতে।
জোনাকিরা উড়ে উড়ে চাঁদের পাশে
বাসা বাঁধতে চায়। ভালোবাসতে চায়
আকাশের দীপ।
৫০.
পাখির পা থেকে ছড়িয়ে পড়ছে রেণু
প্রকৃতির বিষয়
প্রকৃতির কাছে থেকে যায়।
যে কথা বলছিলাম কাল
শুনতে পাবে আজও
বাতাসে কান পেতে শোনো। শোনো,
আমার পায়ের শব্দ থেকে যায়
রাস্তার গভীরে।
----১২ বৈশাখ ১৪২৮
----২৬---৪---২০২১
----নির্মল হালদার
কবিতা
৪০.
সকাল যে কার কাছে আসে
কার সঙ্গে কি সম্পর্ক, কে সাড়াশব্দ করে
সকাল তো বলে না।
চুপচাপ রোদের কিনারায় দাঁড়াবে অথবা
উষ্ণতা ছড়াবে মাধবীলতায়।
আমার খেয়াল করেনা।
আমিতো সকালের আগেই এসেছি
শুকতারা বলতে পারবে, কি ছিল আমার চোখে। বুক থেকে কী উঠেছিল কোনো প্রার্থনা? দূরে কোথাও বাজছিল ঘন্টা
আমার কেবল স্তব্ধতা।
-----৬ বৈশাখ ১৪২৮
----২০----৪----২০২১
৪১.
একটা দিন আমার সঙ্গে কী নিয়ে থাকবে?
আমি কী আকাশ টাঙ্গাই
আকাশ তলে দাঁড়িয়ে থাকবে?
আমি তো সারি সারি ছায়া গাঁথিনা
আমার নিজের ছায়াও ছোট
আমার সঙ্গে কী নিয়ে থাকবে?
আমার আহার আমার স্বপ্ন
আমার অপমান আমার লজ্জা
পছন্দ কী করবে আজকের এই দিন?
৪২.
আমার নিঃশ্বাস সরল হলেও
আমার নিঃশ্বাসে কী ফুটবে চাঁদের গরিমা?
অমাবস্যায় চাঁদের উদয় হলে
আমার গায়ে পড়বে ফুলের রেণু
মৌমাছির পা থেকে পড়বে ফুলের রেণু
আমার নিঃশ্বাস দীর্ঘ হলে
নিঃশ্বাসের পথ ধরে আসবে মেঘ ও রৌদ্র
-----৭ বৈশাখ ১৪২৮
-----২১----৪----২০২১
৪৩.
লতিয়ে ওঠা ডালে ডালে লাউ কুমড়া
কার অপেক্ষায় আছে কে নিয়ে যাবে?
যেতে কী হবেই? কতদূর যাওয়া?
তাল পড়ছে পুকুরের জলে
কোথায় যাচ্ছে শব্দ?
বুকের শব্দের মত নির্জন শব্দ
লাউ কুমড়ার ভেতরে, বীজ
বাইরে আসতে চায়।
৪৪.
যে গর্ভধারিনী অজস্র তারার জন্ম দিয়েছে
সে আমার মাকে চেনে না।
আমার মা--ও ছিল আঠারো সন্তানের জননী।
আমি মায়ের আঠারোতম সন্তান।
আমার কপালে কয়েকটা দাগ
তারার মত ভাই-বোনেরা আমার সঙ্গে
খেলতে খেলতে আঁচড়ে দিয়েছে।
সেই থেকে
আমার কপালেও আলো জ্বলে।
----৮ বৈশাখ ১৪২৮
----২২----৪----২০২১
৪৫.
কে আগে ডানা মেলবে সূর্য না পাখি?
এই তর্কে আকাশের টানাপোড়েন।
সে কী নেমে আসবে নিচে?সে কী
মাঠের সঙ্গে মাঠ হয়ে যাবে?
মেষপালক খোঁজ করবে ঘাসের?
ঘুমিয়ে থাকা শিশু কেঁদে উঠতেই
কেটে গেল ভোরের আঁধার
৪৬.
উটের পায়ে পায়ে মরুভূমি উঠে এসেছে
বালিঝড় কী ঢেকে ফেলবে আমার মুখ?
আমি কাঁসাইয়ের পারে থাকি
সর্বদা শুকনো মুখ, তারপরেও
উটকে ফিরিয়ে দেবোনা।সেও থাকবে
আমাদের সঙ্গে
আত্মীয় আনন্দে।
-----৯ বৈশাখ ১৪২৮
-----২৩----৪----২০২১
------নির্মল হালদার
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
কবিতা
৩৫.
একটি তারা থেকে আরেকটি তারার দূরত্ব?
আমি হেঁটে যাই
প্রশস্ত পথ
কোনো মানুষ নেই গাছপালা নেই, কেবল
তারার নিঃশ্বাস, নিঃশ্বাসের আলো
আমি মুঠো করি। আমি হেঁটে যাই
অজস্র তারার মাঝে আমি একলা আলো
৩৬.
একটি তারা আরেক তারার পিছনে ছুটছে।
কী আছে তারার সঙ্গে? একটি তারা
আরেক তারার পেছনে ছুটছে। কেউ কাউকে ছুঁতেও পারেনা
চন্দ্র-সূর্য স্থির হয়ে দেখছে, একটি তারা
আরেক তারার পেছনে ছুটছে। কার সঙ্গে যে
কী কথা কী সুর? কেউ মুখোমুখি দাঁড়াতে পারে না। শুধু
একটি তারা আরেক তারার পেছনে ছুটছে।
অবিরাম।
---২৮ চৈত্র ১৪২৭
----১১---৪---২০২১
৩৭.
একটা সুর্যের পাশে যদি আরেকটা সূর্য বসাই?
একটা গাছের পাশে আরেকটা গাছ
মানিয়ে গেছে চিরকাল। আরেকটা সুর্যের পাশে
আরেকটা সূর্য মানাবে?
পুরনো মানুষের পাশে নতুন মানুষ
মানিয়ে গেছে চিরকাল। পুরনো সুর্যের পাশে
নতুন সূর্য মানাবে?
আলোর স্রোতে আমি প্রাণ ঢালছি।
-----১ বৈশাখ ১৪২৮
-----১৫-----৪----২০২১
৩৮.
মাথার ভিতরে জ্বলছে একটি তারা
সেই তারার আলো
লোমকূপ থেকে বাইরে আসছে
ধবধবে হয়ে উঠছে পথঘাট
আমি ছুঁতে পারি শিকড়ের অন্ধকার
লালন করতে পারি আমার সম্পর্ক।
৩৯.
ছায়া থেকেও আলো আসে
ছায়াটা সকালের।
সকাল, জড়িয়ে থাকা আলো।
ফুলের গন্ধে জেগে ওঠা আলো।
মানুষ গন্ধেও জেগে উঠেছে।
মানুষের জাগরণ মানুষের ইতিহাস
আমি সেই পথ ধরে হাঁটছি।
-----৫ বৈশাখ ১৪২৮
----১৯----৪----২০২১
-----নির্মল হালদার
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
আমার ছোট্ট বন্ধু পালক। বাজারে গেলেই আমার সঙ্গে। নানা রকম বায়না। হাঁটতে না পারলে, কোলে নাও। আমি পেরে উঠি বা না উঠি আমি তাকে কোলে তুলি। এক এক...
-
দুলিয়া এক প্রেমিকা প্রকৃতির কাছে -------------------------------------------- আশ্রম কন্যা? চঞ্চল বালিকা? কবি? প্রজাপতির উড়াল? কী যে বলবো ...
-
গাছের মাথায় তারা জ্বলে শ্যাম ভাইয়া---- হ্যাঁ শ্যাম ভাইয়াকে যখন ইচ্ছে ডাকলে সাড়া পাবো এ বিষয়ে আমি নিশ্চিত। সেই নিশ্চিন্ততা থেকে আমাদের ব...
-
পাখির ভুবনে ----------------- আমার কাঁধে কার ভার নিয়েছি? সংসারের হাল তো আমার কাঁধে নেই। আমার কাঁধে নেই একটিও খড়ের আঁটি। তবে অনেক ভালোবাসা...
-
সুজিত এক আশ্রয় -------------------------- সুজিত সরকার আমার সতীর্থ। আমার বন্ধু। সতীর্থ না বন্ধু কোন্ দিকে আমার পাল্লা ভারী? কবি সুজিত সরকার...
-
যে তপন প্রকাশিত হয়নি ------------------------------ মানবাজার অনেকদূর হলেও অনেক কাছে। মানবাজার থেকে সারাদিন অনেক বার ফোন। তপনের ফোন। দুপুরে...
-
পাহাড় আমাদের সম্পদ ------------------------------ পাহাড় একটি অভিমান। পাহাড় এক অপেক্ষাও। আমারতো পাহাড়তলি ঘর। আলো আসে। হাওয়া আসে। চেনা অচ...
-
তার শিল্পসৃষ্টির কাছে সরস্বতী বীণা বাজিয়ে চলেছেন ------------------------------------------------------------------- পুরুলিয়ার প্রকৃতি পুর...
-
সমীরের বন্ধুত্ব। সমীর আইচের চিত্রকলা। ----------------------------------------------- নদী থেকে নদীতে যেতে হয়। একটা নদী থেকে আরেকটা নদীর রূপ...
-
রঙের হাসি ---------------------- আশীষের সঙ্গে দেখা হলেই রঙ্গ রসিকতা।হাসির হররা। এবং সে হাসি ----রঙের হাসি। সে যে রঙ--তুলির একজন। চিত্রকর। ক...

