বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

শেষ চৈত্রের দুপুর


দু তিন দিন হলো, রোদের তেজ বেড়েছে। এই রোদ রোদ নয়, রোদের স্পর্ধা। ভয় লাগে। আবার এও ঠিক,এই ভয় ডিঙিয়ে কুলি মজুর কাজ করছে। দুপুরে যখন টিফিন খুলে খাওয়া দাওয়া করে, তখন কোথাও কোথাও মাথায় ছাদ থাকে না। একেক সময় মনে হয়েছে, এদেরই ভয় পায় রোদ। কোনো ভাবেই রোদ তাদের গায়ে থাবা বসাতে পারেনা।

রোদের ফুর্তিও আছে, এ সময় ফুল ফোটে দেদার। তাই রোদ সুগন্ধি ছড়াতে ছড়াতে বেলি ফুল দেখায় আমাদের।

বেলি ফুলের মালা হাতে জড়িয়ে হেঁটে যাওয়া মানুষ দেখেছি। দেখেছি, তাদের আভিজাত্য। দেখেছি, অহংকার। দেখেছি, খোঁপায় জড়ানো মালা। মনে হয়েছে, এখুনি মৌমাছি এসে বসবে ফুলে ফুলে।
অথবা প্রেমিক এসে ফুলের মুখে মুখ রাখবে।

তো, যা বলছিলাম--------
এই রোদের দিনে ছাদে শুকোতে দেওয়া আমের আচার গন্ধ ছড়ালে জেগে উঠতো খিদে। ভাতের খিদে। তখন হয়তো মায়ের রান্নাঘরে ভাত নেমেছে।
বাকি কিছুই হয়নি বলে, খেতে বসা যাবে না। ছাদে উঠে শুকোতে দেওয়া কুল তুলে একটার পর একটা।খিদে মরে যেত।

রোদের দিনে ঘরে বসানো দই। আমের চাটনি। মনের রোদ কেটে যায়।

মনেও রোদ আসে। প্রখর। তাকে আড়াল করতে কোনো ছাউনি নেই। এই মর্মবেদনা থেকে রোদ আরো তীব্র হয়ে আমাকে অস্থির করে। আমি মেঘ খুঁজে খুঁজে আকাশের দিকে উঠতে থাকি। নির্ভয়।

একাকী।

-----২৫ চৈত্র ১৪২৭
-----৮----৪----২০২১
-----নির্মল হালদার




বুধবার, ৭ এপ্রিল, ২০২১

কবিতা




২৯.
কাজের কাজ কিছুই হলো না
সকাল থেকেই দেখছি, ডালিমের লাল ফুল
লাল রঙের ছায়া ফেলেছে। ছায়া কালো হলেও
ডালিমের লাল ফুল লাল রঙের ছায়া ফেলেছে।

কাজের কাজ এটুকুই, ছায়া আমাকে জড়িয়ে ফেলেছে।


৩০.
আবেগ ফুরিয়ে এলে
একটি ফলও ধরে নাই গাছে।
বাতাস এসে ঝাঁকুনি দিলেও
আবেগ ঝরে না

পাতা ঝরে।

পাখি এসে খুঁজছিল
জন্ম-জন্মান্তরের বীজ,বীজের আধার।
পাখি এসে খুঁজছিল
কুশল সংবাদ

শুধু পাতা ঝরে

ভেতরে ভেতরে কান্না ঝরে।



৩১.
কাজের কাজ কিছুই হলো না
সকাল থেকেই দেখছি, ডালিমের লাল ফুল
লাল রঙের ছায়া ফেলেছে। ছায়া কালো হলেও
ডালিমের লাল ফুল লাল রঙের ছায়া ফেলেছে।

কাজের কাজ এটুকুই, ছায়া আমাকে জড়িয়ে ফেলেছে।


৩২.
আবেগ ফুরিয়ে এলে
একটি ফলও গাছে ধরে না।
বাতাস এসে ঝাঁকুনি দিলেও
আবেগ ঝরে না

পাতা ঝরে।

পাখি এসে খুঁজছিল
জন্ম-জন্মান্তরের বীজ,বীজের আধার।
পাখি এসে খুঁজছিল
কুশল সংবাদ

শুধু পাতা ঝরে

ভেতরে ভেতরে কান্না ঝরে।


-----২৪ চৈত্র ১৪২৭
-----৭---৩----২০২১



৩৩.
খিদে খিদের মতই জ্বলে

খিদে বাইরে থাকে না ভেতরেই থাকে

খিদে খিদের মতই সুন্দর

সৌন্দর্য বাইরে থাকে না ভেতরেই থাকে।

ভেতর বাহির এক হলেই চিৎকার
খিদে খিদে খিদে

খিদের বিমূর্ততায় মূর্ত এক থালা ভাত



৩৪.
ব্যাঙ যে এসেছিল
সে কথা বলোনি আগে
ওই বলতে পারতো, কবে আসবে বৃষ্টি

যদি ব্যাঙের পিঠেই মেঘ আসে
কবে আসবে? কবে ভিজবে
তাল গাছের মাথা?

জন্ম-জন্মান্তরের সম্পর্ক থেকেই জানা যায়
মেঘের ঠিকানা। সবাই তো আমরা
একই বংশের

প্রবহমান।


-----২৫ চৈত্র ১৪২৭
----৮---৪----২০২১
----নির্মল হালদার







সোমবার, ৫ এপ্রিল, ২০২১

কবিতা




২৫.
খরগোশ টা চলে গেল
আমাকে একলা করে খরগোশ টা চলে গেল

ঘাস কী আছে কোথাও?

কত দূরে বনের হাওয়া মনের হাওয়া
চারদিকেই অসমাপ্ত হাওয়া বইছে

হিংসার স্রোত।


২৬.
ময়ূরের পায়ে জড়িয়ে যাওয়া সাপ
ছটফট করে। এই বুঝি ময়ূরের নখ
তাকে ফালাফালা করবে। এই বুঝি
ভক্ষণ করবে------এই বুঝি----

ভেতরে ভেতরে কাঁপতে থাকে সাপ

ময়ূর চেয়েও দেখেনা সাপের ভয়
সে পা থেকে ছুঁড়ে দেয় রাত্রির দিকে
পেঁচার পায়ের তলায়। পেঁচা তখন
ঝিঁঝিঁ পোকাদের গান শুনছিল

সমবেত গান।

অহিংস গান।



২৭.
লক্ষ লক্ষ বছর আকাশেই আছে।
যদি মাটির তলায় বেড়াতে যায়
চন্দ্র সূর্যের মেজাজ হবে ফুরফুরে

আলো থেকে গন্ধ পাবো মাটি মাটি মাটি।


মাটি ফুঁড়ে উঠে আসবে নক্ষত্র শিশু
খেলা করবে ঘাসের সঙ্গে।



২৮.
আমার তিনটে ডানার একটা ডানা আকাশ
ছড়িয়ে রেখেছি। ধারণ করবে গ্রহ তারা, আলোর সুরভি।
আমার বাকি দুটো ডানায় নদী পাহাড় জঙ্গল।

পিপাসাও বইছে।

পিপাসা জাগ্রত এক রূপ, নর-নারীর যুগল মিলন।



-----২২ চৈত্র ১৪২৭
----৫----৩---২০২১
----নির্মল হালদার








কবি নির্মল হালদারের বিভিন্ন সময়ের ছবি

পড়ুন "ঘর গেরস্থের শিল্প"

জনপ্রিয় পোস্টসমূহ